চট্টগ্রামে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিবিদ্ধ ইউপি সদস্য আবদুল খালেক
গুলিবিদ্ধ ইউপি সদস্য আবদুল খালেক

চট্টগ্রামের রাউজান উপজেলায় একজন জনপ্রতিনিধিকে গুলি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, গণপিটুনিতে নিহত দুই ব্যক্তি হলেন মো. মোজাম্মেল (৪০) ও সুমন (২৮)। তাঁরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেককে গুলি করেছিলেন।
আবদুল খালেক স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আবদুল খালেক অভিযোগ করেন, ‘আমাকে যাঁরা গুলি করেছেন, তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে হত্যা করার জন্য তাঁরা গুলি ছুড়েছেন।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় দুই ব্যক্তি অতর্কিতে ইউপি সদস্য আবদুল খালেককে লক্ষ্য করে গুলি চালান।
এ সময় আশপাশের লোকজন ধাওয়া দিলে গুলি ছুড়তে ছুড়তে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা পাহাড়তলী চৌমুহনী এলাকায় পৌঁছলে জনগণ তাঁদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী মারা যান। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বন্দুক উদ্ধার করে।

লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘ইউপি সদস্যকে গুলি করে পালানোর পথে বিক্ষুব্ধ জনতা দুই সন্ত্রাসীকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুজনই বিএনপি-সমর্থক বলে জেনেছি।’