চট্টগ্রামে পাসের হারে হাটহাজারী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় হাটহাজারী এবার পাসের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জেলার ১৪টি উপজেলা ও নগরের ছয়টি থানার মধ্যে হাটহাজারী উপজেলায় পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ। জেলার পাসের হার ৯২ দশমিক ৩১।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘এ বছর সার্বিকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে। আমরা শিক্ষকদের গুণগত মানের ব্যাপারে তদারকি জোরদার করেছি। তা ছাড়া অভিভাবকদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও নগরের ছয়টি থানায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২২ হাজার ৯২ জন। পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৭ হাজার ৭৩ জন। অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১৯ জন। পাস করেছে এক লাখ ১২ হাজার ৭০৬ জন। এর মধ্যে সরকারি, বেসরকারি, অনুমোদিত, কিন্ডারগার্টেন ও ব্র্যাক স্কুলের শিক্ষার্থীরা রয়েছে। প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতিতে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৭৫৮ জন।সূত্রমতে, জেলায় পাসের হারের দিক দিয়ে হাটহাজারী উপজেলা প্রথম স্থানে রয়েছে। এ উপজেলার সাত হাজার ৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সাত হাজার ৫৫৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নগরের কোতোয়ালি থানা; পাসের হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। এখানে পাঁচ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৮১৪ জন। তৃতীয় অবস্থানে বোয়ালখালী উপজেলা। এখানে পাসের হার ৯৬ দশমিক ১৭ শতাংশ। চার হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ৯৪৩ জন।অন্যদিকে ইবতেদায়ি পরীক্ষায় জেলায় পাসের হার ৭৫ দশমিক ৬২ শতাংশ। ২৩ হাজার ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৪০ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১০১ জন।