চট্টগ্রামে পাহাড় কাটা রোধে অকার্যকর জরিমানা পদ্ধতি
পাহাড় কাটা রোধে পরিবেশ অধিদপ্তরের জরিমানা পদ্ধতি কোনো কাজে আসছে না। লাখ লাখ টাকা জরিমানা করা হলেও অর্থ অনাদািয় থেকে যায়। তাই জরিমানার বদলে এখন অধিদপ্তর মামলা দিয়ে পাহাড় কাটা রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে অধিদপ্তর পাহাড় কাটার অপরাধে এনফোর্সমেন্ট করে তিন লাখ টাকা জরিমানা করে। কিন্তু তার মধ্যে আদায় হয়েছে মাত্র দুই লাখ টাকা। এর আগের বছর অনাদায়ি ছিল তিন লাখ টাকা। সবচেয়ে বেশি অনাদায়ি ছিল ২০১১ সালে। ওই বছর তিন কোটি ১৫ লাখ টাকা জরিমানার মধ্যে আদায় হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা।
এই বাস্তবতায় অধিদপ্তর এখন জরিমানা পদ্ধতি বাদ দিয়েছে। চলতি বছরের মে পর্যন্ত অধিদপ্তর অন্যান্য খাতে প্রায় ছয় কোটি টাকা জরিমানা করলেও পাহাড় কাটায় জরিমানা শূন্য।
বিষয়টি স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটা রোধে জরিমানা করে ফল পাওয়া যাচ্ছে না। জরিমানার টাকা আদায় করা কঠিন। অনেক সময় পাহাড় কাটার প্রকৃত মালিক পাওয়া যায় না। পাহাড়ের মালিক বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় সরকার। কিন্তু কাটছে অন্য কেউ।’
জাফর আলম আরও বলেন, ‘এখন মামলা দিয়ে পাহাড় কাটা বন্ধে আমরা চেষ্টা চালাচ্ছি। সম্প্রতি সীতাকুণ্ডে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এটাতে মামলা দেওয়া হয়।’
চলতি বছরের মে মাসে সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
এর আগে ২০০২ সাল থেকে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ আদালতে ৭৪টি মামলা দায়ের হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০১১ সালে—১৬টি। ২০১৩ সালে সাতটি, ২০১২ সালে ১১টি, ২০১০ সালে ছয়টি এবং ২০০৯ সালে নয়টি মামলা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে পাহাড় কাটাসংক্রান্ত ৫৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২৩টির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলো এখনো তদন্তাধীন। মামলার তদন্তের গতি শ্লথ বলে জানা গেছে। এ কারণে নিষ্পত্তির হারও কম।
পরিবেশ আদালতের সরকারপক্ষের কৌঁসুলি মো. বদরুল আলা বলেন, ‘মামলার সবচেয়ে বড় সমস্যা হয় তদন্ত প্রতিবেদন নিয়ে। তদন্ত প্রতিবেদন পেতে দীর্ঘ সময় লেগে যায়। সেটা পুলিশ তদন্ত করলেও যা, পরিবেশ অধিদপ্তর তদন্ত করলেও একই অবস্থা। তদন্ত কর্মকর্তা বদলি হয়ে যায় বলে এ অবস্থা। এ কারণে মামলা নিষ্পত্তি হতে সময় লাগে।’
তবে মামলা কিংবা নোটিশের বিপরীতে রিট মামলাও হয়েছে বেশ কিছু। এসব রিট মামলায় উল্টো কাঠগড়ায় দাঁড়াতে হয় পরিবেশ অধিদপ্তরকে। গত ১৪ বছরে এ রকম নয়টি রিট হয়েছে।