চট্টগ্রামে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আমিন কলোনি এলাকার পাহাড় থেকে গতকাল সোমবার অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পাহাড় থেকে সরে যেতে বলা হয়।
গত শনিবার রাতে বৃষ্টির সময় আমিন কলোনিতে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়। এরপর সেখান থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী কমিশনার আফজাল হোসেন বলেন, ‘বায়েজিদের টাংকির পাহাড় নামের এলাকা থেকে ৫০টি বসতি উচ্ছেদ করা হয়েছে। এতে ১৫০ পরিবার বসবাস করত। আমরা বেশ কিছু ঘর ভেঙে দিয়েছি। এ ছাড়া অনেক ঘরের লোকজন নিজেরাই সরঞ্জাম সরিয়ে নিয়েছে।’ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান তিনি। সহকারী কমিশনার আফজাল হোসেন বলেন, বেশির ভাগ মানুষই আত্মীয়স্বজনের বাসায় চলে গেছে।