চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসন শুরু
চট্টগ্রাম নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অস্থায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে গতকাল শনিবার পরিদর্শন ও পুনর্বাসন কমিটি নগরের তিনটি পাহাড় ও অস্থায়ী পুনর্বাসনের জন্য কয়েকটি মাঠ পরিদর্শন করে।
গতকাল কমিটি পরিদর্শন করেন চট্টগ্রাম নগরের লালখান বাজারের মতিঝর্ণা, আকবর শাহ মাজার এলাকার রেলওয়ে পাহাড় ও বেলতলীগোনা পাহাড়। আগামী তিন মাসের জন্য তাদের পাহাড়ের আশপাশের বিভিন্ন মাঠে অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে বলে জানা গেছে। পাহাড় পরিদর্শনের সময় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অস্থায়ী পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় বাসিন্দারা কমিটির সদস্যদের কাছে তাঁদের ঘরবাড়ির নিরাপত্তার নিশ্চয়তা চান। কমিটি তাঁদের নিরাপত্তার আশ্বাস দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন কমিটি কয়েকটি মাঠও পরিদর্শন করেছে।