চট্টগ্রামে পাহাড়ের বাসিন্দাদের দ্বিতীয় দফার পুনর্বাসন শুরু
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের সরিয়ে নিতে দ্বিতীয় দফার অস্থায়ী পুনর্বাসনকাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এ লক্ষ্যে গতকাল রোববার থেকে নগরের পূর্ব টাইগারপাস উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁবু স্থাপন শুরু করা হয়।
সরেজমিনে দেখা গেছে, স্কুলমাঠে গতকাল প্রায় ৫০টি তাঁবু খাটানো হয়েছে। আরও তাঁবু খাটানোর কাজ চলছিল। এখানে অন্তত ১০০ পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানা গেছে। এ জন্য তাঁবুর পাশে মাঠে নালা তৈরি করা হয়েছে, যাতে পানি না জমে। এ ছাড়া নলকূপ ও শৌচাগার নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিদ্যুতের সংযোগ ও চুলা তৈরির কাজ করা হবে। এসব শেষ হলে কয়েক দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের এখানে পুনর্বাসন করা হবে।
এর আগে প্রথম দফায় টাইগারপাস দিগন্ত ক্লাবের মাঠে ৯০টি পরিবারকে পুনর্বাসন করা হয়।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব এইচ এম হুমায়ুন কবির বলেন, পর্যায়ক্রমে ৫০০ পরিবারকে বিভিন্ন পাহাড় থেকে এভাবে অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করা হবে।