চট্টগ্রামে পাহাড় কাটছে সিটি করপোরেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন লেকসিটি আবাসিক প্রকল্প নামের একটি আবাসন প্রকল্পের মাটি ভরাট করার জন্য এভাবেই পাহাড় কেটে সাবাড় করছে। ছবিটি গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের বিশ্ব কলোনি এলাকা থেকে তুলেছেন সৌরভ দাশ
চট্টগ্রাম সিটি করপোরেশন লেকসিটি আবাসিক প্রকল্প নামের একটি আবাসন প্রকল্পের মাটি ভরাট করার জন্য এভাবেই পাহাড় কেটে সাবাড় করছে। ছবিটি গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের বিশ্ব কলোনি এলাকা থেকে তুলেছেন সৌরভ দাশ

একটি আবাসন প্রকল্পের মাটি ভরাট করার জন্য পাহাড় কাটছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম নগরের ফয়’স লেকের পেছনে ‘লেকসিটি আবাসন প্রকল্প’ নামের এ প্রকল্পের কাজ চলছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকার উত্তর-পূর্ব পাশের পাহাড় থেকে মাটি কেটে এনে এলাকা ভরাট করা হচ্ছে। ফলে কর্তিত ও খণ্ডিত পাহাড়টি বিপজ্জনকভাবে খাড়া হয়ে আছে। মাটি কাটা ও সমান করার কাজে করপোরেশন পাঁচটি বুলডোজার ও রোলার ব্যবহার করছে।
এর আগে গত ৫ ডিসেম্বর সরেজমিনে গিয়ে পুরো পাহাড় দেখা গিয়েছিল। এই পাহাড়ের একটি অংশ পড়েছে সিটি করপোরেশনের জায়গায়। অন্য অংশটি রেলওয়ের মালিকানাধীন। এই অংশে বসবাসরত এক বাসিন্দা বলেন, কয়েক দিন ধরে দিন-রাত সমানে পাহাড় কাটা হয়েছে। চট্টগ্রামে প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। খাড়াভাবে পাহাড় কাটায় এই ঝুঁকি আরও বেড়েছে। সামনের বর্ষা মৌসুমে কী হয় আল্লাহ জানে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আবাসন প্রকল্পটির আয়তন ২৪ দশমিক ৪১ একর। ২০০৩ সালে এই জায়গা ক্রয় করে করপোরেশন। ওই সময় এটি ছিল উঁচু-নিচু পাহাড়ি এলাকা। পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই ২০০৬ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই প্রকল্পের জন্য পাহাড় কাটার ঘটনায় করপোরেশনের তৎকালীন মেয়রসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ ছাড়া ২০০৭ সালের জুনে চট্টগ্রামে পাহাড়ধসে হতাহতের ঘটনায় এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি এ প্রকল্পের উন্নয়নকাজ শুরু করে সিটি করপোরেশন। ইতিমধ্যে প্রকল্প এলাকার অধিকাংশ এলাকায় মাটি ভরাট করে সমান করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট ৫৪৭টি প্লট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রতিটি প্লটের আয়তন আড়াই কাঠা। করপোরেশন কাঠাপ্রতি জমি বিক্রি করেছে ছয় লাখ টাকা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্রবিষয়ক কমিটির ৩৬১তম সভায় করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়। গত বছরের ১৬ মে এ সভা অনুষ্ঠিত হয়।
পাহাড় কাটা বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে তিনি প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের উন্নয়নের জন্য পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (চউক) সংশ্লিষ্ট সব সংস্থার যথাযথ অনুমোদন নেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমদুল হক প্রথম আলোকে বলেন, আসলে পাহাড় কাটা হচ্ছে না। পাহাড়ের পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণের প্রক্রিয়া চলছে, যাতে পাহাড় ধসে না পড়ে। আর তা করা হচ্ছে চউকের অনুমোদিত নকশা অনুযায়ী। পাহাড় কাটার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। তবে তিনি বলেন, বর্তমানে প্রকল্প এলাকার মাটি ভরাট ও ড্রেজিংয়ের কাজ চলছে।