চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মো. আবদুচ ছালাম পাহাড় কাটা বন্ধে তাঁর অসহায়ত্বের কথা জানালেন। তিনি বলেন, ‘আমরা পাহাড় কাটার বিরুদ্ধে মামলা করি। কিন্তু মামলার অভিযোগপত্র কিংবা প্রতিবেদন দিতে পুলিশ এত বেশি দেরি করে যে পাহাড় কাটা অংশে গাছপালা বড় হয়ে যায়। আর পুলিশও তখন চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলে, ঘটনাস্থলে কোনো পাহাড় কাটা হয়নি। কোনো পাহাড় ছিলও না।গতকাল রোববার দুপুরে সিডিএর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিডিএর চেয়ারম্যান এ কথা বলেন। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে চলমান প্রকল্পগুলোর কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত্ পরিকল্পনা প্রণয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ও সিডিএর চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।চট্টগ্রামে পাহাড় কাটাসংক্রান্ত গঠিত ১২ সদস্যের কমিটির প্রধান সিডিএর চেয়ারম্যান। তিনি বলেন, কমিটি করে পাহাড় কাটা বন্ধ করা যাবে না। সিডিএর হাত-পা বাঁধা।চট্টগ্রামে ব্যাপকভাবে পাহাড় কাটার কথা স্বীকার করে ফজলে করিম বলেন, বিমান থেকে দেখা যায়, সীতাকুণ্ডের সলিমপুর ও আশপাশের এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা হচ্ছে। আশপাশের সব পাহাড় কেটে আগেই সমতল করে ফেলা হয়েছে। সিডিএ সূত্রে জানা যায়, চট্টগ্রামের উন্নয়নে সিডিএর চলমান প্রকল্পগুলোর পর্যালোচনা, যানজট কমানো, অপরিকল্পিত ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নগরে এক্সপেস সড়ক নির্মাণ এবং সিডিএর আবাসিক এলাকা ও ভবন গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি গতকাল সিডিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীও উপস্থিত ছিলেন।