চট্টগ্রাম জেলায় পাহাড় কাটা বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাঁশখালী উপজেলার গুনাগুড়িসহ অন্য পাহাড়গুলো রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন। আদালত তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলেছেন।জানা গেছে, গত ২০ জুন একটি দৈনিকে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ছয় মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল রিট আবেদনটি করেন।নির্দেশনা: চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ওসিকে চট্টগ্রাম জেলার পাহাড়গুলো তদারক করতে এবং গুনাগুড়িতে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ব্যাপারে নেওয়া পদক্ষেপের অগ্রগতি-সম্পর্কিত প্রতিবেদন ১০ দিনের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে।