চট্টগ্রামে পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত
চট্টগ্রামের খুলশীতে পাহাড় কাটার সময় ওপর থেকে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে খুলশী পাহাড়িকা আবাসিক এলাকার পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইউনুছ (৬০)। এ ঘটনায় জাফর উল্লাহ নামের এক শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে খুলশী এলাকায় শ্রমিকেরা পাহাড় কাটছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল সেদিক দিয়ে যাচ্ছিল। পুলিশ দেখে পালাতে গিয়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের টহল দল দেখে পালানোর সময় দুই শ্রমিক ওপর থেকে পড়ে যান। এর মধ্যে একজনের শরীরে পাশের সীমানা দেয়ালের লোহার রড ঢুকে যায়। পরে ওই শ্রমিক মারা যান।’
এ ঘটনায় পুলিশ মাটি টানার কাজে নিয়োজিত ট্রাকের চালক ফজলু ও আলীম নামের অপর এক শ্রমিককে আটক করেছে। পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে ওসি জানান।