চট্টগ্রামে পাহাড় কেটে ভবন নির্মাণ
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। তিন সপ্তাহ ধরে তিনি রাতের বেলায় পাহাড় কাটা ও দিনে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কাটার জন্য কোনো অনুমোদনও নেওয়া হয়নি।
অভিযুক্ত ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম মো. শাহ আলম। তিনি পুলিশের দারোগা হিসেবে অবসর নিয়েছেন। তাঁর স্ত্রী শামসুন নাহারও পুলিশে চাকরি করেন। তিনি বর্তমানে পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। দক্ষিণ খুলশী বায়তুল আমান হাউজিং সোসাইটির ২৫৩/এ হোল্ডিংয়ে পাহাড়ঘেঁষে মো. শাহ আলমের বাড়ি। কিছুদিন আগে চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির ভিত্তি দেওয়া হয়ে গেছে। পাহাড় কেটে তার গোড়ায় পিলার দেওয়া হয়েছে চারটি। কাটা পাহাড়ের মাটি পড়ে রয়েছে গোড়ায়। যে পাহাড়টি কাটা হচ্ছে, সেটি লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মালিকানাধীন বলে জানা গেছে।
নির্মাণাধীন ভবনের সামনে চেয়ার নিয়ে বসে ছিলেন মো. শাহ আলম। শাহ আলম তাঁর নির্মাণাধীন ভবনটি ঘুরিয়ে দেখান। তিনি বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার জায়গায় পাহাড়ের ওপর থেকে পাইপ দিয়ে পানি ফেলে। যার কারণে পাহাড়টি ভেঙে যাচ্ছে। আমি ওই মাটিগুলো সরিয়েছি।’
শাহ আলম বলেন, ‘আমি যখন সেমিপাকা তুলেছি, তখন সিডিএর অনুমোদন নিয়েছিলাম। এখনো অনুমোদন নিয়েছি।’ অনুমোদন দেখতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার ছেলের আরিফ মঈনুদ্দিনের কাছে রয়েছে।’ আরিফ মঈনুদ্দিন বলেন, ‘আমরা সিডিএর অনুমোদন নিয়েছি। সেটা আমার বাবার কাছে আছে। তিনি আপনাকে দেখাননি?’ তিনি বলেন, ‘লালখান বাজার মাদ্রাসায় গত মাসে যখন বোমা বিস্ফোরণে কয়েকজন মারা গেল, প্রথম খবরটি আমরা থানায় জানাই। ওই কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের পেছনে লেগেছে। আমরা পাহাড় কাটছি না।’
এদিকে পাহাড় কেটে ভবন নির্মাণ করা হলেও এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কিংবা পরিবেশ অধিদপ্তর অবগত নয়। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. জমির উদ্দিন বলেন, ‘ আজ ( গতকাল) সরেজমিনে গিয়ে নোটিশ দিয়ে এসেছি।’