চট্টগ্রামে পাহাড় কেটে ভবন নির্মাণ, সরঞ্জামসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকায় পাহাড় কেটে একটি ভবন নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আরেকটি ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা প্রায় শেষ পর্যায়ে। পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার ওই দুটি স্থান থেকে প্রায় পাঁচ টন মাটিভর্তি দুটি ট্রাক এবং পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই দুই আবাসন-প্রতিষ্ঠান হচ্ছে ইমপালস প্রপার্টিজ এবং ১৪ জন চিকিৎসকের যৌথ উদ্যোক্তা প্রতিষ্ঠান ডক্টরস হোম প্রজেক্ট। পশ্চিম খুলশীর ২ নম্বর সড়কে লেক ভ্যালি আবাসিক এলাকার শেষ মাথায় দুই সপ্তাহ ধরে ৩০ ফুট উঁচু একটি পাহাড় কাটা শুরু করে ডক্টরস হোম প্রজেক্ট কর্তৃপক্ষ। প্রায় ৩০ জন শ্রমিক দিয়ে এই পাহাড় কাটা হচ্ছিল।খবর পেয়ে গতকাল দুপুরে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গতকাল দুপুরে মাটিবোঝাই দুটি ট্রাক ও পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে। এখান থেকে আটক করা হয় তত্ত্বাবধায়ক বাবুল ও ফোরম্যান আতাউরকে। দক্ষিণ খুলশীতে ইমপালস প্রপার্টিজ নামের একটি আবাসনপ্রতিষ্ঠান একইভাবে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছিল। এখানে ৩০ ফুট উচ্চতার পাহাড় পর্যায়ক্রমে কেটে তারা পাঁচতলা আবাসিক ভবন নির্মাণ করেছে।মুনীর চৌধুরী বলেন, ‘এ দুটি স্থানে আমরা আর কাজ করতে দেব না। এ ছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎসুবিধা না দেওয়া এবং সিডিএর নকশা বাতিলের জন্যও সংশ্লিষ্ট সংস্থাকে আমরা চিঠি দেব। এর পরও কাজ করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’জরিমানা: পরিবেশ অধিদপ্তর বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক অভিযান চালিয়ে গতকাল দুপুরে বায়ুদূষণের দায়ে তিনটি কারখানা থেকে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইসলাম স্টিল ইন্ডাস্ট্রিজ ও দিল্লি অ্যালুমিনিয়াম। তিন প্রতিষ্ঠানকে যথাক্রমে পাঁচ লাখ, পাঁচ লাখ ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। মুনীর চৌধুরী বলেন, ‘এ দুটি কারখানা রি-রোলিং মিলের অনুমতি নিয়ে বেআইনিভাবে স্টিল মিলের ইউনিট তৈরি করেছে। তারা ফিউম এক্সট্রাকশন ব্যবস্থা চালু না করে এবং চিমনি না বসিয়ে ব্যাপক বায়ুদূষণ ঘটাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষার্থে তাৎক্ষণিক কারখানা দুটির উৎপাদনের কার্যক্রম বন্ধ করে অবিলম্বে বায়ুদূষণ-নিরোধক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে ২৬ বছর ধরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই নাসিরাবাদ শিল্প এলাকার দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি উৎপাদন চালাচ্ছিল।