চট্টগ্রামে পাহাড় কেটে স্থাপনা, জরিমানা দিতে ব্যর্থ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

পাহাড়ের পাদদেশ ও ওপরে অবৈধভাবে নির্মিত অন্তত ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জরিমানা করা অর্থ দিতে ব্যর্থ হওয়ায় দুই ব্যক্তিকে ১৫ দিনের জন্য কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে টিনের ঘর, আধা পাকা ও পাকা ভবন রয়েছে।

সিডিএর বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ প্রথম আলোকে জানান, সিডিএর অনুমোদন না নিয়ে পাহাড়ি এলাকায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত তা অপসারণ করেন। অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের দায়ে মনিরুজ্জামানকে ১০ লাখ এবং আধা পাকা ঘর করার জন্য হেলাল উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে সিডিএর প্রকৌশলীসহ কর্মকর্তারা অংশ নেন। সহায়তা করেন নগর পুলিশের সদস্যরা।