চট্টগ্রামে পাহাড় নদী সুরক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়, সমুদ্র ও নদী সুরক্ষার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ছাড়াও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে। বিভিন্ন সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম প্রাকৃতিকভাবে সমৃদ্ধ। এখানকার পাহাড়, নদী ও সমুদ্র রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে। তবেই আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে এম এ আজিজ স্টেডিয়াম থেকে পরিবেশ অধিদপ্তর একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি মুসলিম ইনস্টিটিউশন মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। পরে মিলনায়তনে অধিদপ্তরের উদ্যোগে ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য দেন। এ ছাড়া পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে নাগরিক সমাবেশ ও শোভাযাত্রা বের করেছেন পরিবেশবাদীরা। জনউদ্যোগ, পরিবেশ ছাত্র ফোরাম ও পিপলস ভয়েসের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জনউদ্যোগ ও পিপলস ভয়েসের সমন্বয়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ইদ্রিস আলী, জনউদ্যোগের শ্যামল মজুমদার, এস এম এরশাদুল আজম, আবু মোহাম্মদ আরিফ, আরিফুল হক, সালাউদ্দিন তানসেন, সুমন দে, পার্থ মহাজন প্রমুখ। ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন’—প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে।