চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙায় গতকাল রোববার ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যকে (পাহাড়ি) হত্যার প্রতিবাদে আজ সোমবার দুপুরে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রামে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হিল উইমেন্স ফেডারেশনের চট্টগ্রাম শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। এ ছাড়া পাহাড়ি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানায়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম নগর সভাপতি পিপলস মারমার সভাপতিত্বে এতে দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ধনবিকাশ চাকমা, বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মিন্টু চাকমা, একই সংগঠনের পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক মিঠুল চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নগর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক মিলকা ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অংসাইম্যা মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা চন্দ্রা ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, বিনা উসকানিতে গতকাল একজনকে হত্যা করা করেছে। এই হামলায় আরও অনেক পাহাড়ি আহত হন। তাঁরা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় অতীতের মতো নীরব রয়েছে। এ হত্যার ঘটনায়ও যদি সুবিচার না হয়, তবে বাংলাদেশ রাষ্ট্রের চেহারা কখনো গণতান্ত্রিক হবে না।
বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে চেরাগী পাহাড় মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।