চট্টগ্রামে পিকেটার কম তবু কড়া হরতাল
মহানগরে গতকাল পিকেটারদের সংখ্যা ছিল খুবই কম। তবুও কড়া হরতাল পালিত হয়েছে। গতকাল সকালে পিকেটিং করার সময় পুলিশ চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানসহ তিনজনকে আটক করে। প্রতিবাদে পিকেটাররা নগরে একাধিক গাড়িতে আগুন দেয়।গতকালের হরতালে যানবাহন চলেছে খুবই কম। তবে রিকশার দখলে ছিল রাজপথ। বিএনপির নেতা-কর্মীরা সকালেই দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ বহদ্দারহাটে অবস্থান নেয়। এরপর মিছিল করে চকবাজারের দিকে যাচ্ছিল। নগরের বাদুরতলা অতিক্রম করার সময় পুলিশ মিছিল থেকে বিএনপির নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আবুল বশর ও শওকত আলী আটক হন। আবু সুফিয়ানের গ্রেপ্তারের প্রতিবাদে পিকেটাররা শহরতলির এ কে খান গেটে একটি টেম্পো ও হালিশহর পিসি সড়কে একটি বাস পুড়িয়ে দেয়। এর আগে বহদ্দারহাট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। হরতালের সমর্থনে গতকাল সকাল থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ করে বিএনপি। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক সাংসদ রোজী কবির, কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম। আমীর খসরু মাহমুদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ সরকারের পায়ের নিচে মাটি নেই। হরতালের চিত্র : হরতালে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল। তবে বিকেল পর্যন্ত বন্দর থেকে কার্যত পণ্য সরবরাহ হয়নি। বিচ্ছিন্নভাবে কয়েকটি ট্রাক-কাভার্ড ভ্যান বন্দর থেকে কাছাকাছি বেসরকারি ডিপোতে আসা-যাওয়া করেছে। কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু থাকায় আমদানি-রপ্তানি চালান শুল্কায়নের প্রাথমিক প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করেছেন আমদানিকারকদের প্রতিনিধিরা। গতকালের হরতালে শিক্ষাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। খোলেনি বড় বিপণিবিতান। দূরপাল্লার গাড়ি চলেনি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।