চট্টগ্রামে পিটিয়ে ছাত্রের হাত ভাঙার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টিঅ্যান্ডটি কলোনির দুই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ছাত্রের নাম সাকিবুল ইসলাম (৯)। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এক মাস আগে গত ১৮ জুলাই এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ওই অভিযোগে নগরের ডবলমুরিং থানায় মামলা হয়।ছাত্রের বাবা মীর আলী অভিযোগ করেন, ‘মামলা না করে সামাজিকভাবে মীমাংসার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ (৪৫) নানাভাবে চাপ দিচ্ছিলেন। কিন্তু সামাজিকভাবে মীমাংসার কোনো উদ্যোগ না নেওয়ায় মামলা করেছি।’থানা সূত্রে জানা গেছে, মামলায় প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ, বিদ্যালয়ের কেরানি জয়নাল আবেদীন (৪০) ও সহকারী শিক্ষক মুকতার আহম্মদকে (৪০) বিবাদী করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সাকিবের চোখ উঠলে ১৮ জুলাই মধ্যাহ্ন বিরতির সময় সে প্রধান শিক্ষকের কাছে ছুটি নিতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক তাকে মারধর শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক মুকতার হোসেন ও কেরানি জয়নাল আবেদীন দুই দিক থেকে সাকিবুলকে ধরে রাখেন।