চট্টগ্রামে পিরানহা মাছ জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মৎস্য দপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতা মো. বাহারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর কাছে ৪১ কেজি পিরানহা মাছ পাওয়া যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান আদালত পরিচালনা করেন। তাঁকে মৎস্য দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সহায়তা করে।
অভিযানে অংশ নেওয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘ফিশারিঘাটে পিরানহা মাছ বিক্রি করছিলেন বাহার। তাঁকে জরিমানা করা হয়। মাছগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়।’
প্রসঙ্গত, দেশে পিরানহা মাছ বিক্রি, বিপণন এবং চাষ নিষিদ্ধ।