চট্টগ্রামে পুঁজিবাজার মেলায় দর্শকদের নানা জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও আগ্রহ ছিল শেয়ার লেনদেনে কোন ব্রোকারেজ হাউস কী সুবিধা দিচ্ছে তা জানতে, কেউবা এসেছিলেন পুঁজিবাজার সম্পর্কে ধারণা নিতে। আবার মুঠোফোনে শেয়ার লেনদেনের বিষয়েও জানতে চেয়েছেন অনেকে। পুঁজিবাজার মেলার দর্শক ও বিনিয়োগকারীদের ছিল এমন নানা জিজ্ঞাসা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আয়োজনে দুই দিনব্যাপী পুঁজিবাজার মেলার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ মেলা হয়। সেখানে গতকাল বিকেলে কথা হয় এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা মেলায় এসে পুঁজিবাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা সরাসরি গ্রাহকদের জানাতে পেরেছে।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী বলেন, মেলায় দর্শকসহ বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
মেলায় বন্ধুদের নিয়ে গতকাল ঘুরতে আসেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রাসেল। তিনি বলেন, এ ধরনের মেলা থেকে পুঁজিবাজার সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তখন বিনিয়োগ করতে সুবিধা হবে।
বেসরকারি কলেজের শিক্ষক রণজিৎ নাথ জানান, মেলায় না এলে মুঠোফোনে শেয়ার লেনদেনের বিষয়টি তিনি জানতে পারতেন না।
মেলায় গতকাল পুঁজিবাজার নিয়ে তিনটি সেমিনার হয়। এসব সেমিনারে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা। এ ছাড়া দর্শকদের জন্য অনলাইন লেনদেনবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত সেমিনারগুলোতে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। সব মিলিয়ে মেলা আয়োজন সার্থক হয়েছে।