চট্টগ্রামে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে অব্যাহত দরপতন ও গুটি কয়েক পরিচালকের কারসাজির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। পরে তাঁরা কথিত ‘ফাটকা পরিচালকে’র কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বিনিয়োগকারীরা টাই ও প্যান্ট-শার্ট পরা প্রতীকী একজন পরিচালকের প্রতিমূর্তি তৈরি করে রেখেছেন। ওই প্রতিমূর্তির দুই কাঁধের একপাশে ‘ভুয়া পরিচালক’ ও অপর পাশে ‘ফাটকা পরিচালক’ লেখা কাগজ ঝুলিয়ে দেওয়া হয়।সূত্র জানায়, ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, খোরশেদ আলম, চন্দন চৌধুরী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পুঁজিবাজারের ৩৪ লাখ বিনিয়োগকারী অমানবিক জীবন যাপন করছেন। মানসিক ও সামাজিক নানা চাপে পড়ে অনেকে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিয়েছেন।বক্তারা ষড়যন্ত্রকারী পরিচালকদের সামাজিক ও ব্যবসায়িকভাবে বয়কটের আহ্বান জানান।পরে ‘ফাটকা পরিচালকের’ কুশপুত্তলিকা দাহ করা হয়।