চট্টগ্রামে পুকুর ভরাটের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পাশে পুকুর ভরাটের ঘটনায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলা করেন।
মামলায় আবদুল গনি ওয়াক্ফ এস্টেটের মালিকানাধীন দুটি পুকুর ভরাটের অভিযোগ আনা হয়। মামলায় আসামি করা হয় ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি মো. জামাল উদ্দিন খানকে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ বলেন, ‘আমরা বুধবার ওই এলাকায় গিয়ে পুকুর ভরাটের প্রমাণ পেয়েছি। তাই পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ হবে অধিদপ্তর থেকে।’
পাঁচলাইশ থানার উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবেন অধিদপ্তরের কর্মকর্তারা। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাহলে আসামি আটকের দায়িত্ব আমাদের।’