চট্টগ্রামে পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের জুলধা এলাকায় পুকুরে ডুবে তিন বোন মারা গেছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক তিন বোনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
তিন বোন হলো শাহনাজ আক্তার (১৫), নার্গিস আক্তার (৮) ও নাজমা আক্তার (৫)। গতকাল বিকেলেই লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিনজনই স্থানীয় কৃষক আইয়ুব আলীর মেয়ে।
নাজমা জুলধার শামীরপুর উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। নারগিছ একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে একজন গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য অন্য দুই বোন পুকুরে নামে। তারাও ডুবে মারা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পুকুরটির গভীরতা বেশি। পাড়ও খাড়া। গ্রামের লোকজন তিন বোনের মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।