চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকার দোভাষ পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে শিশুটি পুকুরে ডুবে যায়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহত শিশুর নাম নার্গিস আক্তার (৬)। সে এলাকার আনু কলোনির জাহাঙ্গীর আলমের মেয়ে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুপুর একটার দিকে পাঁচ-ছয়জন শিশু পুকুরপাড়ে খেলা করছিল। কোনো একসময় নার্গিস পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে অনেক পরে আমাদের খবর দেয়।’ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক উত্তম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘শিশুর মৃত্যু হওয়ায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। আমরা প্রাথমিক তদন্তে দেখেছি পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’