চট্টগ্রামে পুলিশ, বিআরটিএর বিপুল সিল উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের কাপাসগোলা এলাকা থেকে গতকাল শুক্রবার গোয়েন্দা পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে বাংলাদেশের অনেক থানা ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সিল উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম (৪৮)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়। তিনি নগরের কাপাসগোলার তৈয়ব কলোনির একটি সেমিপাকা বাসায় ভাড়া থাকতেন। ওই বাসায় বসে তিনি পুলিশ ও বিআরটিএর কর্মকর্তাদের সই জাল করে বিভিন্ন ব্যক্তিকে ভুয়া গাড়ি চালানোর সনদ ও কার্ড দিতেন।গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ অভিযানের নেতৃত্ব দেন। তাঁর বাড়ি থেকে বিভিন্ন জেলার বিশেষ শাখার ১৩৫টি সিল, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ও থানার ৩৯৪টি গোল সিল, বিআরটিএর নয়টি সিল, শিক্ষানবিশ (ড্রাইভিং লাইলেন্স) গাড়ি চালনার ২৫৪টি লাইসেন্স, নকল গাড়ি চালনার ৫৫টি সনদ, বিপুল পরিমাণ গাড়ি চালনার সনদের আবেদন ফরম, পুলিশি তদন্ত প্রতিবেদন ও চিকিৎসা সনদ উদ্ধার করে। গতকাল সন্ধ্যায় শাহ আলমকে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি চার বছর ধরে এ কাজে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খোঁজা হচ্ছে। বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের তিন কর্মকর্তা ও কর্মচারী ড্রাইভিং সনদ দেওয়ার সঙ্গে জড়িত বলে শাহ আলম দাবি করছেন। তাঁর বক্তব্য যাচাইয়ের পর পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘গাড়ি চালনার সনদ বানানোর আগে শাহ আলম গ্রাহকের আবেদন ফরমে সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশের বিশেষ শাখার জাল সিল-সই দেন। তাঁর কাছে অসংখ্য আবেদন ফরম এবং ভোটার পরিচয়পত্র পাওয়া গেছে। বিআরটিএর তিন কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে শাহ আলম বলেছেন। আমরা বিষয়টি যাচাই করছি।’পুলিশ সূত্র জানায়, শাহ আলম পুলিশের সিল ও সই জাল করে প্রতি মাসে ৬০-৭০টি গাড়ি চালনার সনদ বের করতেন। এ জন্য বিআরটিএর কর্মকর্তারা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমি ১৫ বছর অটোরিকশা চালিয়েছি। এরপর ২০০৬ সালে পুলিশের সিল ও সই জাল করে ড্রাইভিং সনদ বানানোর সঙ্গে যুক্ত হই। প্রতিটি সনদের জন্য গ্রাহকের কাছ থেকে চার-পাঁচ হাজার টাকা পাই। এর মধ্যে বিআরটিএর একজন কর্মকর্তাকে দুই হাজার ২০০ টাকা ও সরকারি ফি বাবদ আরও এক হাজার ১০০ টাকা খরচ করি। সনদের পেছনে আরও ৩০০ টাকা খরচের পর বাকি টাকা আমি পাই।’