চট্টগ্রামে পুলিশ ও বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমান্ডের আসামির সঙ্গে বেআইনি আচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, চান্দগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সুবাস কুমার পাল রিমান্ডের আসামি সেলিমুল হকের সঙ্গে বেআইনি আচরণ করেন। এই মামলার বাদী ছিলেন ফরমান রেজা। বেআইনি আচরণের অভিযোগে তদন্ত কর্মকর্তা সুবাস ও বাদী ফরমান রেজার বিরুদ্ধে ২০০৯ সালের ২৩ জুন মামলা করেন আসামি সেলিমুল হকের স্ত্রী উম্মে সালমা।উম্মে সালমা অভিযোগ করেন, এসআই সুবাস মামলার বাদী ফরমান রেজার পক্ষে রিমান্ডের আসামির কাছ থেকে জোর করে চেক লিখে নেন, যা বেআইনি। এ কারণে আদালত পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেন।বাদী ফরমান রেজা আসামি সেলিমুলের কাছে টাকা পেতেন। এ কারণে তিনি সেলিমুলের বিরুদ্ধে মামলা করেন। একপর্যায়ে সেলিমুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা সুবাস। জিজ্ঞাসাবাদের সময় তদন্ত কর্মকর্তা সেলিমুলের কাছ থেকে জোর করে চেক লিখিয়ে নেন বলে উম্মে সালমা অভিযোগ করেন।আদালত সূত্র জানায়, এ ঘটনায় পুলিশ কমিশনার, উপকমিশনার (উত্তর) ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিন দফা প্রতিবেদন দেন আদালতের কাছে। এসআই সুবাসের বিরুদ্ধে অভিযোগ সত্য নয় বলে তিনটি প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সুবাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ কমিশনারের প্রতিবেদনে বলা হয়। সুবাস বেআইনি কাজ না করলে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে—পুলিশ প্রতিবেদনের এই অংশটি উম্মে সালমার কৌঁসুলি আদালতের নজরে আনেন। তাই আদালত তদন্ত কর্মকর্তা ও বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।