চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার পরিবার বলছেন, ঘটনাটি আত্মহত্যা। নিহত আনিয়া রহমান ওরফে সাথীর (২৪) স্বামী চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন।
গতকাল রোববার ভোরে নগরের মেহেদিবাগের একটি বেসরকারি হাসপাতালে আনিয়া মারা যান। গত শনিবার রাত নয়টার দিকে নগরের লাভ লেইনের বাসা থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেড় বছর আগে এসআই আফতাব উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। আফতাবের মা ও স্ত্রীর ছোট বোন ওই বাসায় থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক রাজু আহমেদ পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিয়া। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় আফতাব ঘরে ছিলেন না।
আনিয়ার মরদেহের সুরতহাল করেন কোতোয়ালি থানার এসআই শম্পা হাজারী। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, কপালের বাঁ পাশে, বাঁ কাঁধে এবং ডান হাতের কবজিতে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় অর্ধচন্দ্রাকৃতির কালচে দাগ রয়েছে।
আনিয়া চাঁদপুরের মতলব থানার জাকিরগাঁও এলাকার মুজিবুর রহমানের মেয়ে। তাঁর মা মাকসুদা বেগম গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশে পুলিশের একটি গাড়িতে বসা ছিলেন। সাংবাদিকেরা মাকসুদার সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ বাধা দেয়।
আনিয়ার দূরসম্পর্কের চাচা তানভীর খান প্রথম আলোকে বলেন, ‘এটি আত্মহত্যা বলে ওদের পরিবারের (শ্বশুরপক্ষ) পক্ষ থেকে বলছে। আমরা এর বেশি কিছু জানি না। তবে সে (আনিয়া) শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিল।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছি। ওই নারী অসুস্থ ছিলেন দীর্ঘদিন। এ কারণে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।’