চট্টগ্রামে পুলিশ খুনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে ছুরিকাঘাতে মো. আবদুল কাইয়ুম নামের পুলিশের এক কনস্টেবল নিহতের ঘটনায় মোহাম্মদ সোহেল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোরে নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্যদের চাপাতি দিয়ে কোপানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি। সোহেল মতিঝর্ণার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। আলী ওরফে সোর্স আলীর ভাই সোহেল বিএনপির কর্মী বলে স্থানীয় ব্যক্তিরা নিশ্চিত করেছেন। তিনি কাইয়ুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সোহেলকে গ্রেপ্তার করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, চাপাতি দিয়ে পুলিশ সদস্যদের তিনি কুপিয়েছেন। প্রথমে তাঁরা চারজন ছিলেন। পরে অন্যরা এসে পুলিশদের কোপান। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁরা এই হত্যাকাণ্ড ঘটান।
গত রোববার সকালে নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আবদুল কাইয়ুম। আহত হন অন্য তিন কনস্টেবল আরিফুল ইসলাম, সাহাবউদ্দিন ও সালাউদ্দিন। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করে পুলিশ। আসামিদের বেশির ভাগ যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। বিএনপির সমর্থক সন্ত্রাসীরাও এই তালিকায় আছে। ঘটনার প্রত্যক্ষদর্শী দুই যুবক ইউসুফ ও জুয়েল গত সোমবার আদালতে সাক্ষী হিসেবে বিচারিক জবানবন্দি দিয়েছেন।