চট্টগ্রামে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, অস্ত্রসহ গ্রেপ্তার ৬
চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন সুবেদার মেজর পুকুরপাড় এলাকায় গুলিবিনিময়ের পর আন্তজেলা ডাকাত দলের প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ভোরের এ ঘটনায় হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার হওয়া ছয় ডাকাত হলেন দলনেতা সাবেদুল হক ওরফে কালু (৩৩), সোলেমান (৪০), নিজাম (২৮), মো. জসিম উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (২৮) ও আবু হানিফ (৩২)। তাঁদের কাছ থেকে তিনটি দেশি এলজি, দুটি বন্দুক, তিনটি চাপাতি, তিনটি কিরিচ ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘হাটহাজারী কলেজসংলগ্ন সুবেদার মেজর পুকুরপাড় এলাকায় সাবেদুলের নেতৃত্বে ডাকাতদল আসতে পারে এই তথ্যের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেই। ভোর চারটার দিকে ডাকাত দলের ১৫ সদস্য ওই এলাকায় আসে।’ওসি লিয়াকত আলী আরও বলেন, ‘পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতেরা গুলি ছুড়তে শুরু করে। বাধ্য হয়ে আমরাও ২০ রাউন্ড গুলি ছোড়ে। ডাকাতেরা ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় এএসপি আ ফ ম নিজাম উদ্দিন ও উপপরিদর্শক আনিস আল-মাহমুদ আহত হন।’পরে পুলিশ ধাওয়া করে ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। হাটহাজারী থানা সূত্র জানায়, সাবেদুলের নেতৃত্বে এই ডাকাত দল ফটিকছড়ি, ভুজপুর ও সীতাকুণ্ড এলাকায় ডাকাতি করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছিল।