চট্টগ্রামে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আমবাগান এলাকায় গতকাল শনিবার ভোরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে একজন গুরুতর আহত হয়েছেন। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুমন মিয়া (৩০)। তিনি পুলিশ সদস্য আবদুল কাইয়ুম হত্যা মামলার অন্যতম আসামি বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, সুমন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর দুটি পায়ে গুলি লেগেছে। তিনি চট্টগ্রাম মেডিকেলে পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, সুমন পুলিশ সদস্য আবদুল কাইয়ুম হত্যা মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে আমবাগান এলাকায় তাঁকে ধরতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে সুমন আহত হন। এ সময় খুলশি থানার তিন পুলিশ সামান্য আহত হন। তাঁরা দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনাস্থল থেকে চারটি গুলিসহ একটি এলজি ও একটি ছুরি উদ্ধার করা হয়।