চট্টগ্রামে পুলিশকে ফাঁকি দিয়ে শিবিরের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে গতকাল সোমবার জামায়াত-শিবির চট্টগ্রাম নগরের অন্তত আট জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বের করা হয় মিছিলগুলো।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির গতকাল বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে নগরের বাকলিয়া, রাহাত্তারপুল ও চান্দগাঁও এলাকায় ঝটিকা মিছিল বের করে। একই সময়ে চকবাজার কাঁচাবাজারেও মিছিল বের করে তারা। কিন্তু এর প্রায় ৩০০ গজ দূরে চকবাজার গুলজার মোড়ে পুলিশের কড়া পাহারা ছিল। আবার আন্দরকিল্লা মোড়ে পুলিশ থাকলেও ১০০ গজ দূরে টেরিবাজারে মিছিল বের করে তারা। বহদ্দারহাট মোড়ে পুলিশ থাকলেও শিবিরের মিছিল বের হয় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে। একই সময়ে নগরের কাজীর দেউড়ি ও আশপাশে শিবিরের মিছিল বের হয়। এসব মিছিল সর্বোচ্চ পাঁচ থেকে ১০ মিনিট স্থায়ী হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মিরাজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির কয়েকটি জায়গায় সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল বের করে। তবে তারা কোনো নাশকতা করতে পারেনি। পুলিশ সতর্ক থাকায় তারা দ্রুত মিছিল শেষ করে ওই সব জায়গা ত্যাগ করে।চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের পেছনে লেগেই আছে। এ জন্য আমরাও কৌশলী ভূমিকায় ছিলাম। তবে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেছি।’ ইসমাইলের দাবি, নগরের ২৫টি স্থানে ছাত্রশিবির মিছিল করেছে।গতকাল দুপুরে জামায়াতের হরতাল কর্মসূচি ঘোষণার পরই চট্টগ্রাম মহানগর পুলিশ নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থান নেয়। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি (চেকপোস্ট)। নাশকতা ঠেকাতে পুলিশ সন্দেহভাজন গাড়িগুলো তল্লাশি করে।