চট্টগ্রামে পুলিশসহ চারজনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন ব্যবসায়ীকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) চারজনের বিরুদ্ধে গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। শৌখিন পরিবহনের মালিক মো. মুজিবুল হক মামলাটি করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান খান ঘটনাটি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন নগরের ৭৯ বাগমনিরামের বাসিন্দা নিজাম উদ্দিন চৌধুরী (৩০), হেলাল উদ্দিন চৌধুরী (৩৩), আবুল কালাম (৬২) এবং কোতোয়ালি থানার এসআই রুহুল আমিন। নিজাম ও হেলালের বাবা আবুল কালাম।মামলার আরজিতে বলা হয়, ৯ মার্চ সকালে জুবিলি রোড এলাকায় একটি চলন্ত রিকশার সঙ্গে ব্যবসায়ী মুজিবুল হকের ধাক্কা লাগে। রিকশাচালকের কাছে ধাক্কা মারার কারণ জানতে চাইলে আসামি নিজাম উদ্দিনসহ কয়েকজন তাঁকে বেদম মারধর করেন। এ সময় একটি মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়।আরজিতে আরও বলা হয়, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ দেন মুজিবুল হক। এর পরই পুলিশ জুবিলি রোডের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে ধরে থানায় নিয়ে মারধর করে। পরে তাঁকে অন্য একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। এ মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।