চট্টগ্রামে পুলিশি পাহারায় মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি পাহারায় দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম নগরের আদালত ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদান নিয়ে আদালত ভবন প্রাঙ্গণ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে পুলিশের কড়া পাহারা ছিল আদালতে। মনোনয়নপত্র জমাদানের ফাঁকে বেলা দেড়টার দিকে নির্বাচনকে একদলীয় আখ্যায়িত করে বাতিলের দাবিতে মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। মিছিল করে তাঁরা এনেক্স ভবনের সামনে জড়ো হন। সেখানে বিএনপির নেতা আইনজীবী আবদুস সাত্তার বক্তব্য দেন।
এ ছাড়া বেলা সোয়া দুইটার দিকে আদালত এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সিএমপির অতিরিক্ত উপকমিশনার রেজাউল মাসুদ বলেন, ‘একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা নিরাপত্তা জোরদার করেছি।’ তবে ককটেল বিস্ফোরণের আগেই বেশির ভাগ মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা গেছে, সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে আদালত ভবনে ভিড় করতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে পুলিশের পাহারায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বিএসসি মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় তাঁর সঙ্গে অন্যান্য গাড়িতে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিভাগীয় কমিশনারের কাছে নুরুল ইসলাম তাঁর মনোনয়নপত্র জমা দেন।
দক্ষিণ জেলার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নারী আসনের সাংসদ চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সামশুল হক ও মোছলেম উদ্দিন কোলাকুলি করেন। এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলতে থাকেন, সবাই করতালি দেন। সঙ্গে সঙ্গে উপস্থিত নেতা-কর্মীরা করতালি দেন।
নগরের ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে বিকেল পাঁচটার পরও মনোনয়নপত্র জমা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি সন্ধ্যা সোয়া ছয়টায়ও তিনি মনোনয়নপত্র জমা নেন।