চট্টগ্রামে পুলিশি হেফাজতে গত বুধবার রাতে মোহাম্মদ রুকনুজ্জামান (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ তবে রুকনুজ্জামানের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনই তাঁর মৃত্যুর কারণ৷
চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে গতকাল বৃহস্পতিবার রুকনুজ্জামানের স্ত্রী পারভীন আক্তার জানান, পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বুধবার রাতে নিজ বাসা থেকে তাঁর স্বামীকে ধরে নিয়ে যান৷ পুলিশের গাড়িতে উঠতে না চাইলে তাঁর স্বামীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন রুকনুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, জানতে চাইলে তাঁদের আটকের ভয় দেখায় পুলিশ। একপর্যায়ে রুকনুজ্জামানকে গাড়িতে তুলে তাঁকে মারধর করা হয়৷ পারভীন অভিযোগ করেন, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। রুকনুজ্জামানের বড় ভাই হারুন অর রশিদ জানান, তাঁরা এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা করবেন।
চট্টগ্রাম নগরের বাকলিয়া আবাসিক এলাকার বাসিন্দা রুকনুজ্জামান ফ্ল৵াট বেচাকেনার ব্যবসা করতেন৷ গতকাল বিকেলে নির্বাহী হাকিমের উপস্থিতিতে রুকনুজ্জামানের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক জানান, একটি ধর্ষণ মামলায় রুকনুজ্জামানকে ধরতে পুলিশ তাঁর বাসায় যায়। পুলিশ দেখে তিনি কান্নাকাটি শুরু করেন। গাড়িতে তুলে থানায় আনার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।
রুকনুজ্জামানকে আটকের সময় মারধর কিংবা নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেন এসআই আমির৷
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুল ইসলামের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিহত রুকনুজ্জামানের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’