চট্টগ্রামে পুলিশের এক এডিসি ও দুই ওসি পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল রদবদলের এ আদেশ দেন।
প্রশাসনিক কারণে এসব রদবদলের কথা বলা হলেও পুলিশের একটি সূত্র জানায়, চলমান হরতাল-অবরোধে নাশকতা রোধে কার্যকর ভূমিকা রাখতে না পারায় দুই ওসিকে বদলি করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে জানান, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরীকে এডিসি ট্রাফিক পদে বদলি করা হয়েছে। এডিসি ট্রাফিক আরেফিন জুয়েলকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এডিসি (পশ্চিম) পদে থাকা এস এম তানভীর আরাফাতকে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
শহিদুর রহমান জানান, চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ এবং বন্দর থানার ওসি জাহেদুল ইসলামকে গোয়েন্দা পুলিশের পরিদর্শক পদে বদলি করা হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক জসীম উদ্দিনকে বন্দর থানায় এবং শাইরুল ইসলামকে চান্দগাঁও থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।