চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে বখাটেকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
চট্টগ্রামে নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক এক বখাটে যুবককে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। নগরের বায়েজিদ থানা এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। হামলায় বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) জহির আহমদ গুরুতর আহত হন।হামলার ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরশেদুল হকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ মামুন (২৯) ও শাহিন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। ছাত্রলীগের দাবি, ওই হামলার সঙ্গে আরশেদুলের কোনো সম্পর্ক নেই।পুলিশ সূত্র জানায়, তৈরি পোশাক কারখানায় কাজ শেষে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন নারীশ্রমিক কুঞ্জছায়া এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। তিন বখাটে যুবক এ সময় তাঁদের উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুই বখাটে পালিয়ে গেলেও বাবুল নামের একজনকে পুলিশ ধাওয়া করে আটক করে। তাঁকে গাড়িতে তুলে কাছেই থানায় নেওয়ার পথে বখাটেরা হামলা করে তাঁকে ছিনিয়ে নেয়।বায়েজিদ থানার ওসি এম এ সবুর বলেন, ‘আসামি বাবুলকে নিয়ে আমরা থানা ভবনের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা বাবুলকে ছিনিয়ে নেয়।’