চট্টগ্রামে পুলিশের ওসি ও পরিদর্শক পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পরিদর্শক (তদন্ত) পদে রদবদল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ রদবদলের আদেশ দেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নগরের বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমকে ডবলমুরিং থানার ওসি, বন্দর থানায় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ময়নুল ইসলামকে ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ সিআইডিতে বদলি হওয়ায় তাঁর স্থলে আবুল বাসারকে ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডবলমুরিং থানার ওসি বশির আহাম্মদ খান ঢাকায় পিআইবিতে বদলি হয়েছেন।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন খানকে ডবলমুরিং থানায় এবং গাজী ফৌজুল আজিমকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখার পরিদর্শক মোহাম্মদ মঈন উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানায়, জাকির হোসেনকে আকবর শাহ থানায়, আলমগীর হোসেনকে হালিশহর থানায় পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।