চট্টগ্রামে পুলিশের গাড়িতে শিবিরের ককটেল, গুলিবিদ্ধ ১
চট্টগ্রাম নগরের কোতোয়ালির আসকার দীঘিরপাড় এলাকায় আজ মঙ্গলবার সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়েছেন শিবিরের কর্মীরা। তাঁরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি ছুড়লে সাইফুল ইসলাম নামের শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হন।
১৮-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নগরে সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, বাসসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। নগরের বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, নগরের কাজীর দেউড়ী থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালান শিবিরের কর্মীরা। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ গুলি ছুড়লে শটগানের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে নগরের হেমসেন লেন আসকার দীঘিরপাড় এলাকা থেকে জামায়াতের ছয়জন কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।