ব্যবসায়ীকে ইয়াবাবিক্রেতা সাজিয়ে জোর করে টাকা আদায়ের অভিযোগে গতকাল শনিবার চট্টগ্রাম নগর পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই চারজন হলেন উপপরিদর্শক আশিকুর রহমান, কনস্টেবল মিজানুর রহমান, সুমন ধর ও হারুনুর রশীদ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার অনিন্দিতা বড়ুয়া প্রথম আলোকে বলেন, শৃঙ্খলা ফেরাতে এ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ওই ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্র জানায়, রেয়াজউদ্দিন বাজারের কাপড়ের ব্যবসায়ীর দোকানে গত বুধবার রাতে অভিযান চালায় উপপরিদর্শক আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। কিন্তু দোকান থেকে ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
পরে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার পুলিশ কমিশনারকে অভিযোগ করেন, তাঁকে ইয়াবাবিক্রেতা সাজিয়ে নগদ এক লাখ টাকা এবং চেকের মাধ্যমে এক লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনার পর নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায়। এরপরই অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে গতকাল এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।