চট্টগ্রামে পুলিশের তল্লাশি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। নগরের প্রবেশপথগুলোতেও পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে নগরে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ সচেষ্ট রয়েছে। নগরের ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজের এলাকায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
গতকাল শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসীন কলেজ এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে পারে, এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা চট্টগ্রাম ও মহসীন কলেজে অবস্থান নিই। তবে কোনো মিছিল বের হয়নি।’
এদিকে শাহ আমানত সেতু, অলংকার মোড়, কাপ্তাই রাস্তার মোড়, অক্সিজেন মোড়সহ নগরের প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।