চট্টগ্রামে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পরিদর্শকসহ পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। চট্টগ্রাম মহানগর আদালতের ভারপ্রাপ্ত দায়রা জজ ইনামুল হক ভুঞা অভিযোগটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, পুলিশের যে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, খুলশী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইফতেখার হাসান ও খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম। সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ ও কল্যাণ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক শচিন্দ্র লাল দে এ মামলা করেন। মামলার আরজিতে ওই দুজনের বিরুদ্ধে থানায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে গত ২৯ অক্টোবর ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়।পিপি কাজী ছানোয়ার আহমেদ এ প্রসঙ্গে বলেন, আদালত শচিন্দ্রের অভিযোগ তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুদক এই মামলার পক্ষ হবে।