চট্টগ্রামে পুলিশের নিরাপত্তা চৌকি
সম্প্রতি জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল এবং পুলিশের ওপর হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নগরে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হয়।গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরের পাঁচটি স্থানে এই চৌকি বসানো হয়। তবে এতে কেউ গ্রেপ্তার হয়নি।পুলিশ সূত্র জানায়, জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে চোরাগোপ্তা হামলার পরিপ্রেক্ষিতে নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত মুরাদপুর, চকবাজার, মুহসীন কলেজ, বিআরটিসি বাস টার্মিনাল এলাকা ও ধনািয়ালাপাড়ায় মোট পাঁচটি নিরাপত্তা চৌকি বসানো হয়। নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা এলে ভাবনার বিষয়। তাই এখন থেকে নগরে নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা চৌকি বসানো হবে, যাতে কেউ হামলা করার সুযোগ না পায়।