চট্টগ্রামে পুলিশের বাধায় কাউন্সিলরের সমর্থকদের মানববন্ধন পণ্ড
চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম ওরফে মুন্নীর সমর্থকেরা পুলিশের বাধার মুখে মানববন্ধন করতে পারেনি। গতকাল শনিবার তাঁর সমর্থকেরা মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের ঝাড়ু মিছিলের প্রতিবাদে মানববন্ধন করার চেষ্টা করে। এর আগে গত শুক্রবার মেয়রের সমর্থকেরা নগরের অক্সিজেন এলাকায় ফেরদৌস বেগমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।মহিলা কাউন্সিলর ফেরদৌস অভিযোগ করেন, মানববন্ধন পণ্ড করতে পুলিশের পাশাপাশি মেয়রের লোকজনও ছিল। এদের মধ্যে মেয়রের পক্ষ হয়ে শিবিরের সন্ত্রাসী সাজ্জাদ খানের ফুফু তামান্না খাতুন, অক্সিজেন এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত নুরুন্নবী ওরফে লেদু ও স্থানীয় সন্ত্রাসী তৌফিক মানববন্ধন করতে বাধা দেয়। এ সময় পুলিশ মেয়রের লোকজনের পক্ষে অবস্থান নেয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ফেরদৌসের সমর্থকেরা মানববন্ধন করতে তাঁর বাসভবনের সামনে জড়ো হলে গলির সামনেই অবস্থান নেয় পুলিশ ও মেয়রের পক্ষের লোকজন। এ সময় পুলিশ তাদের মানববন্ধন করতে বাধা দেয়।তবে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষই মিছিল-সমাবেশ করতে চেয়েছিল। আমরা উভয় পক্ষকে বাধা দিয়েছি। তামান্না, লেদু ও তৌফিককে সেখানে আমি দেখিনি।’অভিযোগ পাওয়া গেছে, সম্প্রতি আওয়ামী লীগের এক সভায় মেয়র মহিউদ্দিন মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগমের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ জন্য ওই মহিলা কাউন্সিলর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এর আগেও তিনি বিভিন্ন সময় মহিলা কাউন্সিলরদের কাউকে ব্যক্তিগতভাবে আবার অনেককে সম্মিলিতভাবে অপদস্থ করেন। ২০০৩ সালে মেয়র মহিলা ওয়ার্ড কাউন্সিলরদের নাগরিক সনদ দিতে নিষেধ করেন। এর প্রতিবাদে একবার ১৩ জন মহিলা কাউন্সিলর সাধারণ সভা থেকে ওয়াকআউট করেন।ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম ওরফে রানু বলেন, মেয়র যে পুরুষতান্ত্রিক মানসিকতা লালন করেন, তা তাঁকে মানায় না। তিনি যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে এ মনোভাব রাখা যায় না।মেয়র মহিউদ্দিন কাউন্সিলর ফেরদৌসের মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে মহিলা কাউন্সিলর রেহেনার অভিযোগ সম্পর্কে প্রশ্ন তুলতেই মেয়র মহিউদ্দিন এ প্রতিবেদককে বলেন, ‘যেসব নারী এ ধরনের অভিযোগ করে, তুমি বরং তাদের কাছেই জিজ্ঞেস করো—তাদের অভিযোগ সঠিক কি না। নারীদের নিয়ে আমি বিশেষ কোনো কথা বলতে চাই না। এ শহরে আমার পক্ষে যেমন লোক আছে, তেমনি বিপক্ষেও অনেক লোক আছে, তারা অনেক কথা বলে। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।’মেয়র বলেন, ‘অনেক পত্রিকা আমার সঙ্গে কথা না বলেই আমার নামে উল্টাপাল্টা লিখে দেয়। আমি কখনো এসবের প্রতিবাদ করি না। কারণ, তা হজম করার ক্ষমতা আমার আছে।’