চট্টগ্রামে পুলিশের ব্যারাকে আগুন
চট্টগ্রামের দামপাড়া পুলিশ ব্যারাকে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ পোশাক ও জুতা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চারতলা ভবনের ব্যারাকের একতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা দুইটার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলা যাচ্ছে না। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সম্ভব হবে।’
অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।
এদিকে ধোঁয়ায় পুলিশের এক সদস্যসহ দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ব্যারাকের পরিচ্ছন্নতাকর্মী নিপুণকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পুলিশ কনস্টেবল মো. জাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।