চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিচারকদের সমম্বয় বৈঠক
চট্টগ্রামে বিচারকদের সঙ্গে পুলিশের এক সমন্বয় সভায় বলা হয়েছে, আইনানুগ ও দ্রুত তদন্তের কাজ শেষ করে ফৌজদারি কার্যধারায় ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য পুলিশকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দেওয়া হয়।গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বিচারকদের সঙ্গে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের এক সমম্বয় বৈঠকে এ অভিমত জানানো হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।বৈঠক সূত্র জানায়, আসামিদের গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডের আবেদন করে। বেশির ভাগ ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর না হওয়ায় আসামিদের অপরাধের গভীরে যেতে পারে না পুলিশ। এতে তদন্ত ব্যাহত হয় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পাশাপাশি বিচারকেরা আইনের বিভিন্ন ধারা-উপধারার উদাহরণ টেনে রিমান্ড নামঞ্জুর হওয়ার পাল্টা যুক্তি তুলে ধরেন। জামিন মঞ্জুরের ক্ষেত্রে পুলিশের কী ধরনের দুর্বলতা থাকে, তা আলোচনা হয় বৈঠকে। যেকোনো মামলায় আইন মেনে ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করতে পুলিশকে তাগিদ দেওয়া হয়।বৈঠকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া, মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম, মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্মা, মুখ্য বিচারিক হাকিম কে এম শামসুল আলম, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান, মহানগর মুখ্য হাকিম আদালতের সব হাকিম, সিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং চট্টগ্রাম মেডিকেল, কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমেনা বেগম বলেন, ‘সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আসামির রিমান্ড নামঞ্জুর হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তের গভীরে যেতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে আসামিরাও দ্রুত জামিন পেয়েছে। এসব বিষয় নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। জামিন নামঞ্জুরের ব্যাপারে আমাদের দুর্বলতাও চিহ্নিত করেন বিচারকেরা।’