চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার মামলায় ১৪ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জেএম সেন হল পূজামণ্ডপে ফটকের সাজসজ্জা ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৪ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন এনাম উদ্দিন, নুর মোহাম্মদ, মো. সোলাইমান, মো. সোহেল, মো. রমজান আলী, মো. আরিফুল ইসলাম, মো. সোহেল, মো. রাকিব, মো. হানিফ প্রকাশ, মো. নুর হোসেন, মো. রিয়াজ উদ্দিন, মো. আবু তাহের, মো. মজিব ও মো. আলমগীর হোসেন। এর আগেও এ মামলায় বেশ কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ১৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা-পুলিশ সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জে এম সেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ জন নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।