চট্টগ্রামে পূজায় সবাইকে সজাগ থাকার আহ্বান পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে দুর্গাপূজার সময় চট্টগ্রামে উত্তেজনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন পূজা কমিটির সমন্বয় সভায় জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এই আশঙ্কার কথা জানান। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এর আগে গত রোববার জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি একই আশঙ্কার কথা জানিয়ে নগরের প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সজাগ থাকার নির্দেশ দেন।
১৯ অক্টোবর থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।
পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, রামুর ঘটনার মতো ফেসবুকে গুজব কিংবা কোনো ছবির মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পূজায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এ জন্য রাতে বিভিন্ন মণ্ডপে পাহারা বসাতে পূজা কমিটির নেতাদের অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন শুক্রবার জুমার নামাজের সময় বাদ দিয়ে প্রতিমা বিসর্জনের পরামর্শ দেন। পূজা আয়োজনে সব ধরনের প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিদ্যালাল শীলসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউএনও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার চট্টগ্রাম নগরে ৩২৫টি ও ১৪টি উপজেলায় মোট ১ হাজার ৬১৮টি সর্বজনীন মণ্ডপে পূজা হবে। পাশাপাশি জেলা ও নগরে ২২২টি ব্যক্তিগত ও পারিবারিক পূজামণ্ডপ রয়েছে।