চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকালে ও গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরের অক্সিজেনের শীতলঝর্ণা আবাসিক এলাকায় হাতমোজা কারখানায় আগুনে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অন্য দুটি ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসব আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গতকাল গভীর রাতে শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত কর্ণফুলী নিটিং ফ্যাক্টরি লিমিটেড নামের হাতমোজা তৈরির আধাপাকা কারখানায় আগুন লাগে। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হন। তাঁরা হলেন মোহাম্মদ রনি (৩২) ও মোহাম্মদ ইফতেখার (৩৫)। রনি চাঁদপুর সদরের মৃত তামান্না খানের ছেলে। ইফতেখারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মোরশেদ আলম ও সিদ্দিকুর রহমানের মালিকানাধীন কর্ণফুলী নিটিং ফ্যাক্টরিতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, এই আগুনের ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। আগুন লাগার সময় তাঁরা কারখানায় কাজ করছিলেন।
নগরের চকবাজার এলাকার লালচান্দ সড়কে অবস্থিত ফ্যাশন পার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। গতকাল গভীর রাতে কারখানার ফিনিশিং শাখায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ছাড়া নগরের আকবর শাহ মাজার এলাকায় আজ সকালে আগুনে রিকশার একটি গ্যারেজ ও চারটি কাঁচা বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রিকশার গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বসতঘরে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়।