চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ড ১৫ দোকান ও গুদাম পুড়ে গেছে
চট্টগ্রাম নগর ও মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল শনিবার ভোররাতে নগরের হামজারবাগ ও মিরসরাইয়ের আবুরহাটে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের আবুরহাট বাজারের একটি দোকানে গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বাজারের ১৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস থেকে এতে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানানো হয়। তবে ক্ষতিগ্রস্ত দোকানিরা ক্ষয়ক্ষতি আরও বেশি বলে দাবি করেছেন। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বায়েজিদ থানার হামজারবাগ এলাকার আবুল হোসেনের তুলার গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।