চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে আট বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর ও রাউজান উপজেলায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি সেমিপাকা বসতঘর পুড়েছে। আজ বৃহস্পতিবার এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। দুটি অগ্নিকাণ্ডই বৈদ্যুতিক গোলযোগের কারণে হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া জানান, নগরের আগ্রাবাদ ছোটপুল এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে একটায় আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। পৌনে এক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় সাতটি সেমিপাকা ঘর পুড়ে যায়। এ দিকে ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড আলীরখিল এলাকায়। আগুনে ছয় কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর পুড়ে যায়। খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।