চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১৩ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি খাবারের দোকান, একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে গতকাল মঙ্গলবার সকাল সোয়া সাতটার মধ্যে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে আগ্রাবাদের সিঙ্গাপুর মার্কেটের নিচতলায় ‘মজা’ নামের একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল আটটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে রাত সাড়ে তিনটার দিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১১ নম্বর রোডের একটি বাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজে রাখা গাড়ির ব্যাটারিতে স্ফুলিঙ্গ থেকে আগুন লাগে। আগুনে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।